মেয়র আব্বাস রিমান্ডে

নজর২৪, রাজশাহী- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যকারী রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন রাজশাহীর মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শংকর কুমার বিশ্বাস।

 

সোমবার দুপুরে পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদন ও জামিনের আবেদনের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মেয়র আব্বাসের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম জানান, মামলার আইও পুলিশের এসআই মেয়র আব্বাস আলীকে জিজ্ঞাসাবাদদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ড আবেদন করেন। আদালতে শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

রাজধানীর হোটেল রাজমনি ইশা খাঁ থেকে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তাকে আটক করে র‍্যাব। পরে র‌্যাবের কাছ থেকে আব্বাসকে গ্রহণ করে বোয়ালিয়া থানা পুলিশের একটি দল।

 

ঘরোয়া একটি আলোচনায় মেয়র আব্বাস বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের বিরোধিতা করে কথা বলেন। ২২ নভেম্বর সেই আলোচনার অডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

 

২৪ নভেম্বর মেয়র আব্বাসের নামে বোয়ালিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলার বাদী নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এবং ১৩ নম্বর কাউন্সিলর আব্দুল মোমিন।

 

এ ছাড়া চন্দ্রিমা থানায় নগর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন এবং রাজপাড়া থানায় ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন একই ধরনের অভিযোগ জমা দিয়েছেন।

 

আপত্তিকর মন্তব্যের সূত্র ধরে ২৫ নভেম্বর তাকে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ এবং ২৬ নভেম্বর জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

 

২৫ নভেম্বর কাটাখালী পৌরসভার ১২ জন কাউন্সিলরের সবাই তার প্রতি অনাস্থা জানিয়ে অপসারণের দাবি জানিয়েছেন। এই দাবির একটি আবেদন রাজশাহী জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *