Home জলবায়ু ও পরিবেশ বৃষ্টির পর জেঁকে বসবে শীত

বৃষ্টির পর জেঁকে বসবে শীত

0
259

নজর২৪, ঢাকা- দেশের অধিকাংশ জেলায় ঝিরঝির করে পড়তে থাকা বৃষ্টি সোমবার সকালেও থামেনি। তবে এরপরই জেঁকে শীত আসছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

জানা যায়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

 

নিম্নচাপের প্রভাবে রোববার সকাল থেকেই থেমে থেমে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার সারা দিন এই বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

রোববার মধ্য রাত থেকেই রাজধানীতে বৃষ্টির প্রভাব বাড়তে থাকে, যা একটানা এখন পর্যন্ত চলছে। সোমবার সকালে রাজধানীর রাস্তায় মানুষের আনাগোনা কিছুটা কম চোখে পড়েছে।

 

রাস্তায় যানবাহনের সংখ্যাও অনেক কম ছিল। তবে এ সময় অফিসগামী ও শিক্ষার্থীদের পড়তে হয়েছে ভোগান্তিতে। রাজধানীর বেশ কিছু এলাকার রাস্তায় পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন ঘর থেকে বের হওয়া মানুষজন।

 

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) দেশের পশ্চিমাঞ্চল থেকে সূর্য ওঠা শুরু করবে। পূর্বাঞ্চলে সূর্য উঠতে একটু দেরি হবে। আজ সারা দিন বৃষ্টি থাকবে। দেশের পশ্চিমাঞ্চল থেকে বৃষ্টি থামতে থামতে পূর্ব দিকে যাবে।’

 

তিনি আরও বলেন, ‘এই বৃষ্টি থেমে গেলেই শীত পড়তে শুরু করবে। এই মাসের মাঝামাঝির দিকে আবারও একটি নিম্নচাপ আসতে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here