এবার ঢাকা-৫ আসনেও জামানত হারালেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন

নজর২৪, ঢাকা- ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৫৬৪২ ভোট। অন্যদিকে, জামানত হারিয়েছেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। তিনি পেয়েছেন ২৯২৬ ভোট।

 

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনে অংশ নিয়েও জামানত হারান সালাহউদ্দিন আহমেদ।

 

শনিবার সকাল ৯টায় এ আসনে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়। নির্বাচনের মাঠে অধিকাংশ কেন্দ্রেই বিএনপি নেতাকর্মীদের দেখা মেলেনি। এমনকি খুঁজেও পাওয়া যায়নি। অন্যদিকে, সকাল থেকেই ভোট কেন্দ্রের বাইরে সরব ও তৎপর ছিলো আওয়ামী লীগ কর্মীরা।

 

এদিকে, ভোটের উৎসবকে নষ্ট হওয়ার জন্য বিএনপির হাইকমান্ডকে দায়ী করেছেন স্থানীয় জনগণ। প্রার্থী বাছাইয়ে দলটির সিদ্ধান্ত ভুল বলে মনে করছেন স্থানীয়রা। কারণ সালাহউদ্দিন আহমেদ এই আসনের ভোটারই নন। এছাড়া তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসন থেকে অংশ নেন। এ কারণে ভোট একতরফা হয়েছে বলে দাবি করেছেন ভোটরা। ফলে ভোটের উৎসবকে নষ্ট হওয়ার জন্য বিএনপির প্রার্থী বাছাইকে দায়ী করছেন নেতাকর্মীরা।

 

এ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান (সুমন মাস্টার)।

 

গত ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ শূন্য হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড (ডেমরা ও মতিঝিল) নিয়ে ঢাকা-৫ আসন গঠিত।

 

আসনে ভোটার সংখ্যা চার লাখ ৭১ হাজার ১২৯ জন; এদের মধ্যে পুরুষ দুই লাখ ৪১ হাজার ৪৬৪ জন ও নারী দুই লাখ ২৯ হাজার ৬৬৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *