Home জাতীয় নতুন ভ্যারিয়েন্ট: আবার লকডাউন নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

নতুন ভ্যারিয়েন্ট: আবার লকডাউন নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

0
86

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপ কমতে থাকায় গত আগস্টে লকডাউন বা বিধিনিষেধ শিথিল করে সরকার। বর্তমানে ভাইরাসটি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। যার কারণে সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। কিন্তু হঠাৎ করে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ আতঙ্গে পুরো বিশ্ব। এ অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

 

নতুন এই ভ্যারিয়েন্ট মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিতে চলেছে সরকার। ইতোমধ্যে ১৮ দফা নির্দেশনাও দেওয়া হয়েছে। এমন অব্স্থায় ফের লকডাউনের শঙ্কাও তৈরি হয়েছে মানুষের মধ্যে। তবে বিষয়েটি পরিষ্কার করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

তিনি বলেন, যেভাবে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়েছিল তাতে অনেক ক্ষতি হয়েছে। এবারের ওমিক্রন ভ্যারিয়েন্টটি খুবই সংক্রামক তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। আমরা আবার লকডাউন চাই না।

 

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে ওমিক্রন ভ্যারিয়েন্টটি যেন বাংলাদেশে না আসে এবং কীভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

 

জাহিদ মালেক জানান, আমরা ইতোমধ্যে হাসপাতাল প্রস্তুত করে রেখেছি। ১২০টি হাসপাতালে ১৮ হাজার বেড আছে। সেখানে অক্সিজেন লাইনও আছে। এছাড়াও সিনিয়র বা ৬০ বছরের বেশি বয়স্কদের বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

 

তিনি আরও জানান, গত এক মাসে ১৫০ জন দক্ষিণ আফ্রিকা থেকে দেশে এসেছে। তারা তাদের ঠিকানা ও মোবাইল নম্বর গোপন করেছে। এরকম যেন কেউ না করে। জনপ্রতিনিধিদের এ বিষয়ে নজর রাখার নির্দেশ দেন তিনি।

 

এসময় তিনি বলেন, বিদেশ থেকে বিশেষ করে আফ্রিকা মহাদেশ থেকে যারা আসতে চায় তাদের নিরুৎসাহিত করা হচ্ছে। দেশে আসলেও তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে। এছাড়াও, যে দেশে সংক্রমণ বৃদ্ধি পাবে সেই দেশের নাগরিকদের দেশে আসলেও কোয়ারেন্টাইনে থাকতে হবে।

 

এছাড়াও সীমান্ত দিয়ে প্রবেশ সম্পর্কে জাহিদ মালেক বলেন, সীমান্তে নজরদারি বৃদ্ধি করতে হবে। সেখানেও দেশে প্রবেশকারীদের কোয়ারেন্টাইন করা হবে। পার্শ্ববর্তী দেশ থেকে যেন কম প্রবেশ করা হয় এ নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি জেলা পর্যায়ে অনুষ্ঠান কমিয়ে আনার নির্দেশ দেয়া হয়েছে। ​

 

পূর্বে হোটেলে কোয়ারেন্টাইন করার ক্ষেত্রে যে শিথিলতা দেখা গেছে এবার সেসব করা চলবে না বলে সাবধান করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এবার আরও কঠোর হতে হবে বলে জানান তিনি।

 

ওমিক্রন ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি গণজমায়েত না করতে অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনার প্রকোপ কমায় যে ঢিলেঢালাভাব চলে এসেছে তা নিয়ন্ত্রণে কঠোর হওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here