ঢাকা-৫ আসনে উপ-নির্বাচনঃ সাড়ে ৩ ঘণ্টায় একটি ভোটও পড়েনি

নজর২৪ ডেস্ক- ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটারের আমেজ খুব একটা নেই। অধিকাংশ কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি বলতে গেলে খুবই নগণ্য। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯ টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া শুরু হয়। তবে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে করে দেখা গেছে, ভোটার উপস্থিতি ও ভোট প্রয়োগের হার একেবারেই কম।

 

এদিন সাড়ে তিনঘণ্টায় (বেলা সাড়ে ১২টা) পর্যন্ত যাত্রাবাড়ী বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে কোনো ভোট পড়েনি। সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের কোনো ভোটারের উপস্থিতি নেই। তবে কেন্দ্রগুলোর বাহিরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নেতাকর্মীদের ভিড় দেখা যায়।

 

এদিকে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একটি কেন্দ্রে দেড় ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ২৫টি। এই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ২৩৭ জন।

 

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড নিয়ে এ আসন গঠিত। উপ-নির্বাচনে ভোটকেন্দ্র ১৮৭টি, ভোটকক্ষ ৮৬৪টি। এই আসনের মোট ভোটার চার লাখ ৭১ হাজার ১২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪১ হাজার ৪৬৪ জন। আর নারী ভোটার দুই লাখ ২৯ হাজার ৪৬৫ জন।

 

এই আসনে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ উদ্দিন আহমেদ, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূইঁয়া, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান (সুমন মাস্টার)। গত ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন শূন্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *