Home জাতীয় যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে চিন্তিত নয় সরকার

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে চিন্তিত নয় সরকার

0
221

নজর২৪ ডেস্ক- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া গণতন্ত্র সম্মেলন ‘সামিট ফর ডেমোক্র্যাসি’র অংশগ্রহণকারীদের আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, যে তালিকায় বাংলাদেশের নাম নেই।

 

এদিকে প্রথমবারের মতো আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ আমন্ত্রণ না পেলেও এ নিয়ে চিন্তিত নয় সরকার। ভবিষ্যতে এ ধরণের সম্মেলনে বাংলাদেশ ডাক পেতে পারে বলে সরকার ধারণা করছে।

 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল বুধবার বিবিসিকে বলেন, ‘এই সম্মেলনে আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি নিয়ে চিন্তিত নই আমরা। তা ছাড়া এবারই প্রথম এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর প্রথম ধাপে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। সম্মেলনের পরবর্তী ধাপে বাংলাদেশ আমন্ত্রিত হতে পারে।’

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আহ্বানে আয়োজিত জলবায়ু সম্মেলনে মাত্র ৪০টির মতো দেশ আমন্ত্রিত ছিল। সেগুলোর মধ্যে বাংলাদেশও ছিল। সেখানে তো অনেক দেশকে আমন্ত্রণ জানানো হয়নি।’

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রিতদের তালিকা প্রকাশ করেছে। আমন্ত্রণ পাওয়া ১১০টি দেশ বা ভূখণ্ডের তালিকায় নেই বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, নেপাল ও মালদ্বীপ আমন্ত্রণ পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে আগামী ৯ ও ১০ ডিসেম্বর ভার্চুয়ালি ওই সম্মেলন হওয়ার কথা রয়েছে।

 

জো বাইডেন গত বছর নির্বাচনী প্রচারণার সময়ই ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি সমমনা গণতান্ত্রিক দেশগুলোকে নিয়ে সম্মেলন আয়োজন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here