পুলিশের সব ছুটি বাতিল, সারা দেশে সতর্ক থাকার নির্দেশ

নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এমন অবস্থায় কেউ যাতে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সে জন্য সরকারের উচ্চপর্যায় থেকে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও।

 

বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার পদ মর্যাদার একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, তারাও সতর্ক থাকার নির্দেশনা পেয়েছেন।

 

তারা জানান, সতর্কতার অংশ হিসেবে কনস্টেবল থেকে পরিদর্শক পর্যন্ত কর্মকর্তাদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

 

ডিএমপির একজন উপ কমিশনার বলেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য সরকারের উচ্চপর্যায় থেকে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশের সকল ছুটি বাতিল করে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

 

ডিএমপির ওয়ারী বিভাগের এক অফিস আদেশে বলা হয়েছে, মাতৃত্বকালীন, অন্তঃসত্ত্বা জনিত ও শারীরিক অসুস্থতা ছাড়া অন্য যেসব কারণে কর্মকর্তারা ছুটি নিয়েছেন তাদের বুধবারের মধ্যে কর্মস্থলে ফিরতে হবে। কেউ বুধবার ফিরে না এলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, নানা শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যার দিকে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার হিমোগ্লোবিন কমে যায়। তবে চিকিৎসকরা রক্ত দেওয়ার পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তার শরীর।

 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। এ গুজবকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *