জনগণ না চাইলে জোর করে ক্ষমতায় যাওয়ার দরকার কি?: রাষ্ট্রপতি

নজর২৪, কিশোরগঞ্জ- ইউপি নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলমালের বিষয়টি সামনে এসেছে। কিশোরগঞ্জে যেন এ রকম ঘটনা না ঘটে এ ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইতোমধ্যে কিশোরগঞ্জের তিনটি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

 

তিনি বলেন, নির্বাচনে যেই দাঁড়াক, জনগণ যাকে ভালো মনে করবে তাকেই ভোট দেবে। জনগণ না চাইলে জোর করে ক্ষমতায় যাওয়ার দরকার কি? আর জোর করে জনপ্রতিনিধি হয়ে সেবা করার দরকার কি? এসব করে মানুষের মন জয় করা যায় না।

 

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলার জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

 

রাষ্ট্রপতি বলেন, সরকারি কর্মকর্তা কিংবা জনপ্রতিনিধি যেই হোক দায়িত্ব পালনের জন্য ক্ষমতাকে কাজে লাগাতে হবে। ক্ষমতার যাতে অপপ্রয়োগ না হয় তাও নিশ্চিত করতে হবে।

 

কিশোর গ্যাং নিয়ে পত্রপত্রিকায় প্রায় খবর প্রকাশিত হচ্ছে উল্লেখ করে এর প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

 

রাষ্ট্রপতি বলেন, কিশোরগঞ্জ শহরে পর্যাপ্ত ইজিবাইক, অটোরিকশা এবং রাস্তার পাশে যত্রতত্র স্থাপনা নির্মাণের ফলে যানজট প্রকট হচ্ছে। এই যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সবাইকে নির্দেশ দেন তিনি।

 

রাষ্ট্রপতি বলেন, কিশোরগঞ্জের ঐতিহ্য নরসুন্দা নদীতে ময়লা-আবর্জনা ফেলায় নদী তার ঐতিহ্য হারাচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। কেউ যাতে পুকুর ভরাট করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেন। একই সঙ্গে নরসুন্দা নদী রক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *