নজর২৪, রাজশাহী- একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক মারা গেছেন। রাজশাহীতে নিজ বাড়িতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি কয়েক মাস ধরে নানা রোগে ভুগছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ বকুল এতথ্য নিশ্চিত করেছেন।
হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। টানা ৩১ বছর ধরে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যাপনা করে ২০০৪ সালে তিনি অবসরে যান।
জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতেই কাটিয়েছেন। বসবাস করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপায় এলাকায় অবস্থিত ‘বিহাস’-এ।
গত ২১ আগস্ট হাসান আজিজুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছিল। সেখানে তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সেই দিন রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।
চিকিৎসা শেষে গত ১০ সেপ্টেম্বর তিনি ফেরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে নগরের চৌদ্দপায় এলাকার আবাসিক এলাকা ‘বিহাস’-এর নিজ বাড়ি ‘উজানে’।
হাসান আজিজুল হকের মৃত্যুতে শোক নেমে এসেছে সাহিত্য অঙ্গনে। সহকর্মীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ বকুল বলেন,‘আজ আমরা অভিভাবককে হারালাম। তার চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।’





