নজর২৪ ডেস্ক- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার সব ধরণের চক্রান্ত মোকাবিলা করে দেশকে এমন একটি অবস্থানে পৌঁছে দিয়েছে যাতে বিশ্বকে সম্মান করতে হবে, অথচ পলাতক আসামি তারেক রহমান বাংলাদেশের অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
শনিবার প্রধানমন্ত্রীর ফ্রান্স সফর উপলক্ষ্যে বাংলাদেশি প্রবাসীদের আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১০ ট্রাক অস্ত্র উদ্ধার এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামী তারেক রহমান বিদেশে অবস্থান করে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সব ধরণের ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে পেরেছি।
শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদচিহ্ন অনুসরণ করে তাঁরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করতে সক্ষম হয়েছেন। ‘সুতরাং, এখন থেকে কেউ আমাদের অবহেলা করতে পারবে না। বিশ্ব অবশ্যই আমাদের সম্মান করবে কারণ, আমরা আমাদের দেশকে এমন অবস্থানে নিয়ে এসেছি,’ তিনি যোগ করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে আজকের অবস্থানে পৌঁছে দিতে তার সরকারকে বিএনপি-জামায়াত জোটের অগ্নিসংযোগ, প্রাণনাশের জন্য তাঁর ওপর হামলার মতো অনেক বাধা-বিপত্তি ও ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে।
শেখ হাসিনা বলেন, ২১ বছর পর দায়িত্ব গ্রহণ করে তাঁরা দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, অথচ অতীতে বিএনপি-জামায়াত চক্র দুর্নীতি ও ঋণ খেলাপির সংস্কৃতি চালু করে নিজেদের ভাগ্য তৈরি করেছে।
