ফের হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

নজর২৪, ঢাকা- চিকিৎসার ফলোআপের জন্য আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সাবেক এ প্রধানমন্ত্রীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, গত কয়েক দিন আগে ম্যাডাম চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। আজ আবার উনাকে ফলোআপের জন্য হাসপাতালে নেওয়া হবে।

 

এর আগে, ১২ অক্টোবর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। ২৬ দিন সেখানে থাকার পর ৭ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় গুলশানের বাসায় ফেরেন তিনি।

 

এদিকে, বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে আসা যাওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি।

 

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরী পরীক্ষা-নিরীক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে অদ্য শনিবার বেলা তিনটায় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে নেয়া হবে। হাসপাতালে আসা যাওয়ার পথে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *