৬ বছর পর ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

স্পোর্টস আপডেট ডেস্ক- টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ পাকিস্তানের। এবারের আসরের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে দলটি বিদায় নিয়েছে ফাইনালের আগেই। তাই আর দেরি কেন! বাংলাদেশের বিপক্ষে আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজ খেলতে সেমিফাইনালে হারের ৩২ ঘণ্টা পরই ঢাকায় পা রাখল পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।

 

তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে আজ সকাল ৮টায় ঢাকায় পা রাখে বাবর আজমের দল। দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি একটি ফ্লাইটে করে বাংলাদেশে আসে দলটি।

 

এই সফরে বাংলাদেশের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা রয়েছে বাবর আজমদের। এর আগে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সবশেষ ২০১৫ সালে বাংলাদেশে এসেছিল পাকিস্তান।

 

সে সময় ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। পরে একমাত্র টি-টোয়েন্টিতেও হারে দলটি। অবশ্য একটি টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।

 

ঢাকায় এসে দলটি উঠেছে হোটেল সোনারগাঁয়ে। সেখানে দুই দিনের কোয়ারেন্টিনে থাকার কথা পাকিস্তান দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের।

 

এই দলের সঙ্গে শনিবার অবশ্য বাংলাদেশে আসেননি অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের থেকে তারা চার দিনের ছুটি নিয়েছেন। সেই ছুটি শেষে ১৬ নভেম্বর ঢাকায় আসবেন তারা।

 

কোয়ারেন্টিন শেষ করে ১৬, ১৭ ও ১৮ নভেম্বর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে রিজওয়ান-বাবর আজমরা। এরপর ১৯ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ২০ ও ২২ নভেম্বর হবে বাকি দুটি ম্যাচ।

 

এরপর ২৩ নভেম্বর প্রথম টেস্ট খেলতে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেবে দুই দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৪ ও ২৫ তারিখ অনুশীলনের পর ২৬ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

 

এরপর ১ ডিসেম্বর দুই দলই ফিরে আসবে ঢাকায়। ডিসেম্বরের ৪ তারিখ মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্টটি। আর ৯ ডিসেম্বর বাংলাদেশ ছাড়বে পাকিস্তান ক্রিকেট দল।

 

সিরিজকে সামনে রেখে আজ থেকে অনুশীলনে নামার কথা রয়েছে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *