সিএনজিচালিত বাসে স্টিকার লাগানো হবে: বিআরটিএ

নজর২৪, ঢাকা- সিএনজিচালিত বাসে স্টিকার লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ বিষয়ে ইতিমধ্যে পরিবহন মালিক সমিতিকে চিঠি দেওয়া হয়েছে। বাসে স্টিকার লাগানো হয়েছে কি না, তা নিশ্চিত করবে বিআরটিএ।

 

গত রোববার ঢাকাসহ সারা দেশে শুধু ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়েছে সরকার। সিএনজিচালিত বাসের জন্য বর্ধিত ভাড়া প্রযোজ্য নয় বলে জানিয়েছে সরকার। কিন্তু এই গ্যাসচালিত বাসের সংখ্যা কত, কোন পথে সেগুলো চলে বা এগুলো চিহ্নিত করার কোনো পথ বাতলে দেওয়া হয়নি। বিআরটিএ সিএনজিচালিত বাসের প্রকৃত সংখ্যা বা এগুলো কোন কোন পথে চলাচল করে তা স্পষ্ট করেনি।

 

ফলে রাজধানী ঢাকায় এবং দূরপাল্লার পথে গ্যাসচালিত বাসেও বর্ধিত ভাড়া আদায় করা হচ্ছে। এমন পরিস্থিতিতে যাত্রীদের বোঝার সুবিধার্থে সিএনজিচালিত বাস চিহ্নিত করতে স্টিকার লাগানোর জন্য পরিবহন মালিক সমিতিকে সোমবার চিঠি দেওয়া হয়।

 

বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ আসছে। এ ছাড়া সিএনজিচালিত বাস চিহ্নিত করাও যাত্রীদের জন্য কষ্টকর। এ কারণে স্টিকার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

তিনি জানান, কেউ স্টিকার না লাগালে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ ব্যবস্থা নেবে। প্রয়োজনে বিআরটিএ দপ্তরে থাকা সিএনজিচালিত যানের তথ্য ধরে ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে বিভিন্ন স্থানে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ নিয়ে মঙ্গলবার বিকেলে বিআরটিএ প্রধান কার্যালয়ে বৈঠক করেন সংস্থাটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এতে ঢাকা মহানগর পুলিশ ও হাইওয়ে পুলিশ, ঢাকা জেলা প্রশাসন ও পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

বৈঠকে বৃহস্পতিবার থেকে বাড়তি ভাড়া আদায় বন্ধে মালিক-শ্রমিক প্রতিনিধিদের নিয়ে যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *