Home প্রধান খবর সরকারের আশ্বাসে ট্রাক ধর্মঘট স্থগিত

সরকারের আশ্বাসে ট্রাক ধর্মঘট স্থগিত

0
141

নজর২৪, ঢাকা- ভাড়া বাড়ানোর আশ্বাসে ট্রাক, কাভার্ড-ভ্যান ও পণ্য পরিবহন করা যানবাহনের মালিক-শ্রমিকদের ধর্মঘট স্থগিত করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

 

বৈঠকে ট্রাক, কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতাদের সঙ্গে জননিরাপত্তা, যোগাযোগ ও জ্বালানি সচিবের পাশাপাশি উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যানও।

 

আন্দোলনকারীদের পক্ষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

 

বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে বলেন, ‘ট্রাক কাভার্ড ভ্যান মালিক ও শ্রমিকদের দাবি যৌক্তিক। এ কারণে বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআইকে অনুরোধ করবো তাদের সেবার যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে।

 

‘আমাদের সঙ্গে মালিক শ্রমিকরা আলোচনা করে এখন থেকেই ধর্মঘট স্থগিত করেছেন। এখন থেকেই পরিবহন চলবে।’

 

এ সময় বাংলাদেশে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, ‘আমরা মূলত এখানে ডিজেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নিয়ে এসেছিলাম। এ নিয়ে অত্যন্ত সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে। যেভাবে বাস ও লঞ্চের ভাড়া সমন্বয় করা হয়েছে আমরা আশা করবো একই ভাবে আমাদের ভাড়াও সমন্বয় করা হবে।’

 

‘এ কারণে সারা দেশের ট্রাক মালিক কাভার্ড ভ্যান, প্রাইমুভার মালিক-শ্রমিকদের অনুরোধ করবো এখন থেকেই আপনারা যান চলাচল চালু করুন।’

 

কত শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি করছেন- জানতে চাইলে তিনি বলেন, ‘৩০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হলে সেটি হবে যৌক্তিক।’

 

এ সময় সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমিতির মহাসচিব তাজুল ইসলাম বলেন, ‘যমুনা ও মুক্তারপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার এবং দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলো পণ্য পরিবহন যানের ওপর যে টোল নেয় তা বন্ধ করার দাবি সরকার মেনে নিয়েছেন।’

 

এর আগে, ডিজেলের বাড়তি দাম প্রত্যাহারসহ তিন দফা দাবিতে পণ্যবাহী যানবাহন মালিকদের ডাকা ধর্মঘটে সৃষ্ট সংকট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here