ট্রাম্প-মেলানিয়ার ছেলেও করোনায় আ;ক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে কোভিড ১৯-এ আক্রান্ত হন তাদের একমাত্র ছেলে ব্যারন ট্রাম্পও।

 

আলজাজিরা ও বিবিসি জানায়, ১৪ বছর বয়সী ব্যারনের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন তার মা মেলানিয়া ট্রাম্প। তবে ছেলের করোনা রিপোর্ট এখন নেগেটিভ বলে দাবি করেন তিনি।

 

বুধবার এক বিবৃতিতে মেলানিয়া জানান, তার ভয় সত্য হয়ে উঠেছিল যখন ব্যারনের কোভিড টেস্টে পজিটিভ ধরা পড়ে। ‘কিন্তু ভাগ্যক্রমে সে একজন সবল কিশোর এবং তার মধ্যে এখন আর করোনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না’, বলেন ট্রাম্পের স্ত্রী।

 

এদিকে আইওয়ার দে ময়েন শহরে এক নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্পও স্বীকার করেন যে, তাদের সঙ্গে ব্যারনও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি বলেন, ‘তার (ব্যারন) শরীরে খুব অল্প সময়ের জন্য এটি (ভাইরাস) ছিল।’

 

২ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট নিজেই টুইট করে জানান, তিনি এবং মেলানিয়া করোনায় আক্রান্ত। তার আগে ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকসের করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন ট্রাম্প। এর পর আক্রান্ত হন মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত সহকারী নিকোলাস লুনা। ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলার এবং সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তাও ভাইরাসটিতে আক্রান্ত হন।

 

তবে হাসপাতালে তিন দিন চিকিৎসা নিয়ে হোয়াইট হাউসে ফিরে আসেন ডোনাল্ড ট্রাম্প। করোনা নিয়েই এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তিনি কাজে ফেরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *