Home জাতীয় ধর্মঘট কারা ডেকেছে জানি না: শাজাহান খান

ধর্মঘট কারা ডেকেছে জানি না: শাজাহান খান

0
80
sajahan

নজর২৪, চুয়াডাঙ্গা- কারা পরিবহন ধর্মঘট ডেকেছে তা জানেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাজাহান খান।

 

চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শনিবার (০৬ নভেম্বর) রাতে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গাড়ি বন্ধ রাখার ঘটনা পরিবহন ধর্মঘট নয়। কারা এ পরিবহন ধর্মঘট ডেকেছে আমার জানা নেই।

 

‘মালিক বা শ্রমিকদের কোনো সংগঠন এ ধর্মঘট ডাকেনি। ধর্মঘট ডাকতে হলে নোটিশ দিয়ে আনুষ্ঠানিকভাবে ডাকতে হয়। সুতরাং এটাকে ধর্মঘট বলা যাবে না।’

 

এমপি শাজাহান খান আরও বলেন, ‘কেউ কেউ ব্যাবসায়িকভাবে লোকসানের শঙ্কায় গাড়ি বন্ধ রাখছে। এটি আনুষ্ঠানিক কোনো ধর্মঘট নয়। রোববার বিষয়টি নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে। আশা করছি একটি সিদ্ধান্ত আসবে।’

 

এর আগে চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমপ্লেক্সে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

 

এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবির ব্যাপারে আশ্বস্ত করে বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া মাসিক ভাতা, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।

 

জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক উসমান আলী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহবুব হোসেন মেহেদী ও সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here