নজর২৪, ঢাকা- ডিজেলের দাম একলাফে প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে সারাদেশে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, যে হারে ডিজেলের দাম বাড়ানো হয়েছে, তাতে পরিবহন চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। হঠাৎ ডিজেলের এ দামবৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই।
এদিকে, ভাড়া না বাড়ানো হলে শুক্রবার থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট শুরু করার প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। এ পরিস্থিতিতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে একটি বৈঠক হতে পারে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনও বিকেলে বৈঠকে বসছে বলে জানা গেছে।
সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, আমরা কোনো পরিবহন ধর্মঘটের ঘোষণা দেইনি। তবে পরিবহন মালিকরা গাড়ি চালাতে চাইছেন না। আমরা বিআরটিএ চেয়ারম্যানের কাছে ভাড়া বাড়ানোর জন্য চিঠি দিয়ে বলেছি, জরুরিভিত্তিতে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়াতে হবে। কারণ ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ায় মালিকরা পরিবহন চালাতে গিয়ে ভর্তুকির শিকার হবে। মুনাফার বদলে তারা ভর্তুকি দিতে রাজি না।
বুধবার (৩ নভেম্বর) রাতে জ্বালানি তেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
