নজর২৪, সিরাজগঞ্জ- সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন ভোটার ১৬০টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোক্তার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মোটরগাড়ি প্রতীকের অ্যাডভোকেট হুমায়ুন কবির।
রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম জানান, এ আসনের ১৬০টি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেরিনা জাহান কবিতার মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক এমপি চয়ন ইসলাম জানান, তাদের আশা বিপুল ভোটে নৌকার প্রার্থী জয়লাভ করবেন।
জাতীয় পার্টির প্রার্থী মোক্তার হোসেন জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে লাঙ্গল প্রতীকের জয়লাভের ব্যাপারে তিনি আশাবাদী।
স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি এ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে ভোটাররা তার মোটরগাড়ি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
এ আসনের মোট ভোটার ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ৩৪৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৪৩৭ জন।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
