বিদেশ নেয়ার অবস্থায় নেই রওশন এরশাদ

নজর২৪ ডেস্ক- ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ আগের চেয়ে ভালো আছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

এখন তার অক্সিজেন সাপোর্ট দরকার হচ্ছে না। তবে ৭৮ বছর বয়সী এই রাজনীতিবিদ এখনও অনেক দুর্বল। তিনি কথাও বলতে পারছেন না। টানা ৮০ দিন সিএমএইচে চিকিৎসাধীন বেগম রওশন এরশাদ।

 

বিরোধীদলীয় নেতার ছেলে রাহ্গীর আল মাহি সাদ এরশাদ বলেন, ‘বয়সের কারণে উনি অনেক বেশি দুর্বল। বিদেশে যাওয়ার বিষয়ে এখন কোনো কিছু চূড়ান্ত হয়নি।’

 

রওশনের খোঁজ নিতে রোববার সিএমএইচে যান এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামনুর রশিদ। এ সময় বিদিশা সিদ্দিক এবং এরশাদপুত্র শাহারা জারাব এরিকও উপস্থিত ছিলেন।

 

এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান জানান, ‘মনে হলো ওনার কথা বলতে কষ্ট হচ্ছে। উনি কথা বলতে পারেননি। তবে আমরা যখন কথা বলি তখন তিনি শুনছেন।’

 

রওশনকে বিদেশ নিয়ে যাওয়া হবে কি না, এ বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘বিদেশে নিয়ে যাওয়ার মতো শারীরিক সক্ষমতা এখন ওনার নেই। তবে আমরা প্রস্তুত আছি।’

 

গত ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়।

 

হাসপাতালে থাকাকালেই গত ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন এই রাজনীতিবিদ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য।

 

তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন। এরশাদের মৃত্যুর পর ছেলে রাহগির আল মাহি সাদ রংপুর-৩ আসন থেকে উপনির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *