এবার সাইবার ট্রাইব্যুনালে ঢাবি ছাত্রীর মামলা, ভিপি নুরের দুঃখ প্রকাশ

নজর২৪, ঢাকা- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী। নুরদের বিরুদ্ধে এর আগে তিনি ধর্ষণের মামলাও দুটি করেছিলেন।

 

বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে এই মামলা করা হয়। ফেসবুক লাইভে এসে মামলার বাদীকে ‘খারাপ মেয়ে’ বলায় মামলাটি করেছেন ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগে করা মামলার বাদী সেই ঢাবি ছাত্রী।

 

আদালতের পেশকার শামীম আল মামুন জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় করা মামলার আরজিতে দুইজনকে সাক্ষী করা হয়েছে। বিচারক ওই শিক্ষার্থীর জবানবন্দি নিয়ে আগামী ২৯ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

 

এ বিষয়ে জানতে চাইলে নুর আজ দুপুরে গণমাধ্যমকে বলেন, ‘ধর্ষণ মামলায় ওই ছাত্রী আমাকে একেবারেই ভিত্তিহীনভাবে জড়িয়েছেন। এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা।’

 

তিনি বলেন, ‘সম্প্রতি আমার সংগঠনের পাঁচ জনকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ, কিন্তু স্বীকার করেনি। এতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তাই লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেছি, কিন্তু ওই ছাত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে চাইনি।’

 

কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ, অত্যন্ত অশোভন ভাষায় তার চরিত্রহনন করেছেন।

 

‘আমি বলতে চেয়েছি তিনি “দুশ্চরিত্রাহীন”, তিনি “দুশ্চরিত্র” নয়’, বলেন নূর।

 

নুর বলেন, ‘তিনি (ছাত্রী) প্রকৃতপক্ষে ধর্ষণের শিকার হয়ে থাকলে, তার বিচার চাইতে পারেন। এর বিচার আমরাও চাই। আমরা তার পাশে আছি।’ ‘আমার কথায় তিনি যদি দুঃখ পেয়ে থাকেন, তাহলে আমিও তার কাছে দুঃখপ্রকাশ করছি’, বলেন নুর।

 

‘তবে ধর্ষণের সহযোগী, অপহরণকারী উল্লেখ করে তিনি আমাদের বিরুদ্ধে একেরপর এক মামলা করে যাচ্ছেন, এতে আমরাও তো সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি, তিনি নিজেই তো আমাদের ‘দুশ্চরিত্র’ হিসেবে উপস্থাপন করছেন। এগুলো কি অপরাধ নয়?’, বলেন নুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *