দেশ বেঁচে তো আমি ক্ষমতায় আসবো না: প্রধানমন্ত্রী

নজর২৪, ঢাকা- দেশের প্রাকৃতিক সম্পদ বিক্রি করতে রাজি না হওয়াকেই ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসতে না পারার কারণ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এজন্য যুক্তরাষ্ট্র ও ভারতকে দায়ী করেছেন তিনি।

 

রাজধানীর সোনারগাঁও হোটেলে শনিবার সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘গ্যাস বেচতে রাজি হইনি বলে ২০০১-এ ক্ষমতায় আসতে পারিনি। বৃহৎ দুটি দেশ ও প্রতিবেশী দেশের চাহিদা পূরণ করতে পারিনি বলে ক্ষমতায় আসতে পারিনি।

 

‘আমি বলেছিলাম দেশের ৫০ বছরের চাহিদা পূরণ করে তারপর বিক্রি করব। এটা আমেরিকা ও প্রতিবেশী দেশ ভারতের পছন্দ হয়নি। এজন্য ২০০১ সালে ক্ষমতায় আসতে পারিনি। কিন্তু দেশ বেঁচে তো আমি ক্ষমতায় আসবো না, এটা হলো বাস্তব।’

 

এ সময় খাদ্য উৎপাদন ও কৃষির আধুনিকায়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কৃষি খাতে দেশে যে উন্নয়ন হয়েছে, তা কৃষিবিদদেরই অবদান।

 

তিনি বলেন, কৃষিতে গবেষণার ফলে এখন অনেক দেশি-বিদেশি ফল, তরি-তরকারি উৎপাদন হচ্ছে। এখন ১২ মাস সব সবজি পাওয়া যাচ্ছে। অনেক বিদেশি ফল এখন দেশেই পাওয়া যাচ্ছে, এটা কৃষিবিদদেরই অবদান। এ ক্ষেত্রে যত দূর সম্ভব আমরা সহযোগিতা দিচ্ছি। সার ও বিদ্যুৎ- সব ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *