নজর২৪, ঢাকা- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষিতে ভর্তুকি দিতে বাধা দিয়েছিল বিশ্বব্যাংকসহ বহু আন্তর্জাতিক সংস্থা। সব বাধা দূর করে কৃষিতে ভর্তুকি দিয়ে আসছে সরকার।
রাজধানীর সোনারগাঁও হোটেলে শনিবার (১৬ অক্টোবর) সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, “সারা বিশ্বে অনেক খাদ্যের অপচয় হয়। আমাদের তাই মাথায় রাখতে হবে খাদ্যের যেনো অপচয় না হয়। সেদিকে সবাইকে নজর দিতে হবে। প্রয়োজনে এ বিষয়ে গবেষণা করে করণিয় বিষয় নিয়ে ভাবতে হবে।”
কৃষি খাতে দেশে যে উন্নয়ন হয়েছে তা কৃষিবিদদেরই অবদান বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘কৃষিতে গবেষণার ফলে এখন অনেক দেশি-বিদেশি ফল, তরি-তরকারি উৎপাদন হচ্ছে। এখন ১২ মাস সব সবজি পাওয়া যাচ্ছে। অনেক বিদেশি ফল এখন দেশেই পাওয়া যাচ্ছে, এটা কৃষিবিদদেরই অবদান। এক্ষেত্রে যত দূর সম্ভব আমরা সহযোগিতা দিচ্ছি। সার-বিদ্যুৎ সব ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছি।’
