আফগানিস্তানে মসজিদে হামলা, নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক- জুমার নামাজে মগ্ন ছিলেন মুসল্লিরা। এ সময়ই আফগানিস্তানের কান্দাহার শহরে অবস্থিত ইমাম বারগাহ মসজিদে শক্তিশালী এক বোমা বিস্ফোরিত হয়েছে। শুক্রবার স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

 

আল-জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত এ ঘটনায় ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

বিস্ফোরণের পর কিছু ছবিতে মসজিদের জানালার চূর্ণ-বিচূর্ণ কাচ ও বেশ কিছু মানুষকে মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে।

 

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মসজিদের প্রধান দরজাটির কাছে তিনি অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

 

ঘটনার পর মসজিদের সামনে অসংখ্য মানুষ ও অন্তত ১৫টি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পরে আফগান নিরাপত্তা বাহিনীর স্পেশাল ফোর্স এলাকাটির নিরাপত্তা জোরদার করে এবং সাধারণ মানুষকে রক্তদানের জন্য আহ্বান জানায়।

 

শক্তিশালী বোমাটি কীভাবে বিস্ফোরিত হয়েছে, তা জানা না গেলেও সন্দেহ করা হচ্ছে আত্মঘাতী বোমা হামলাকারীরাই এ ঘটনা ঘটিয়েছে।

 

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইদ খোসতি এক টুইট বার্তায় বলেন, ‘আমরা ব্যথিত যে কান্দাহার শহরের ফার্স্ট ডিস্ট্রিক্টে আমাদের শিয়া ভাইদের মসজিদে এক বিস্ফোরণ হয়েছে যাতে আমাদের বিশাল সংখ্যক নাগরিক শহীদ ও আহত হয়েছেন।’

 

তিনি জানান, তালেবানের বিশেষ বাহিনী ইতোমধ্যেই ওই স্থানে মোতায়েন করা হয়েছে। তারা ঘটনার প্রকৃতি তদন্ত করছে এবং ঘটনার সাথে জড়িতদের বিচারের জন্য সন্ধান করছে।

 

বার্তা সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। একটি মসজিদের মূল প্রবেশপথে, অপরটি মসজিদের দক্ষিণে এবং তৃতীয় একটি বিস্ফোরণ ওজুখানা থেকে শোনেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *