বিতর্কিত পেনাল্টি, ফাইনাল খেলা হলো না বাংলাদেশের

স্পোর্টস আপডেট ডেস্ক- শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ, বাংলাদেশের ফুটবলের সঙ্গে যেন এই শব্দগুলোর ভীষণ সখ্য। আরও একবার শেষ সময়ে এসে স্বপ্ন ভাঙলো লাল সবুজ জার্সিধারীদের।

 

নেপালকে হারাতে পারলেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়ে যেতো। এমন সমীকরণ মাথায় নিয়ে ম্যাচের প্রথমেই ১-০ গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। লিডটা ধরে রেখেছিল ৮৬ মিনিট পর্যন্ত।

 

কিন্তু ৮৭ মিনিটে উজবেকিস্তানের রেফারির পেনাল্টির এক বাঁশিই বাংলাদেশের স্বপ্ন ভেঙে দিল। বক্সের মধ্যে নেপালের ফরোয়ার্ড পড়ে যান। উজবেকিস্তানের রেফারির পেনাল্টির বাঁশি। পাশাপাশি ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে হলুদ কার্ড।

 

তবে এটা ঠিক পেনাল্টি ছিল কী না তা নিয়ে প্রতিবাদ করতে থাকে সোহেলরা। ভিডিওতেও স্পষ্ট নয় রেফারি আখরল রিসকুয়ালেভের পেনাল্টির সিদ্ধান্ত। বিতর্কিত এ পেনাল্টি কাজে লাগিয়ে অঞ্জন বিস্তার গোলে সমতায় ফেরে নেপাল।

 

ম্যাচ শেষেও মাঠের ভেতরে ঢুকে রেফারিদের পেনাল্টি সিদ্ধান্তের প্রতিবাদ জানায় জামালরা। তবে বাস্তবতা হলো আরও একবার সাফ থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।

 

উজবেকিস্তানের রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে মালে স্টেডিয়াম পরিণত হলো বাংলাদেশের ট্র্যাজেডি হিসেবে। গ্যালারীতে থাকা বাংলাদেশের সমর্থকরাও নিথর দাঁড়িয়ে রইলেন। প্রেসবক্সে থাকা বাংলাদেশি সাংবাদিকরাও নিশ্চুপ।

 

ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত সব ঠিকই ছিল। বাংলাদেশ ফাইনালের পথেই হাঁটছিল। সারা ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা গোলরক্ষক আনিসুর রহমান জিকোর এক ভুলে গোটা দল চরম বিপদে পড়ে। বক্সের বাইরের বল ক্লিয়ার করতে এগিয়ে যান গোলরক্ষক জিকো। ক্লিয়ার করতে গিয়ে তার হাতে বল লাগলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান। ম্যাচের বাকি সময় বাংলাদেশ দশজন নিয়ে খেলে।

 

জিকো লাল কার্ড দেখায় কোচ অস্কার দ্রুত কয়েকটি পরিবর্তন করেন। বিপলুকে বদলে সিনিয়র গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে নামান। ফরোয়ার্ড সুমন রেজার পরিবর্তে ডিফেন্সিভ মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদকে নামান। রানা নামার পরপরই একটি ফ্লাইং সেভ করেন। অভিজ্ঞ এই গোলরক্ষক পেনাল্টি শটের সময় সঠিক দিক ঝাপ দিলেও সেভ করতে পারেননি। দশজন নিয়ে আর জেতা হয়নি বাংলাদেশের। ফলে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে নেপাল সাফের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে আর বাংলাদেশ চার পয়েন্ট নিয়ে আবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিল।

 

২০০৫ সালের পর থেকে বাংলাদেশ আর কখনো ফাইনাল খেলতে পারেনি। গতবার নিজেদের মাঠে এই নেপালের কাছে হেরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *