২০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী

নজর২৪, ঢাকা- বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। ফলে, আগামী ২০ অক্টোবর ১২ রবিউল আউয়াল পবিত্র ইদে মিলাদুন্নবী (সা) পালিত হবে।

 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

 

সভায় প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে ১৪৪৩ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য শুক্রবার (৮ অক্টোবর) সফর মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। শনিবার (৯ অক্টোবর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ২০ অক্টোবর (১২ রবিউল আউয়াল) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

 

আরবি ‘ঈদে মিলাদুন্নবী’র শাব্দিক অর্থ- মহানবির (সা.) জন্মদিনের আনন্দোৎসব। মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবি হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। কারণ এ দিনেই রাসুলে করীম (সা.) ইন্তেকালও করেন। সেই হিসাবে আগামী ৩০ অক্টোবর হবে ১২ রবিউল আউয়াল। বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর (সা.) দিন সাধারণ ছুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *