নজর২৪, ঢাকা- যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক কনক সরওয়ারের বোন নুসরাত শাহরিন রাকার পৃথক দুই মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (০৬ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারক পৃথক আদেশে এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই বদরুল মিল্লাত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন।
আসামিপক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফরুক ফারুকী ও ঢাকা বারের বর্তমান সাধারণ সম্পাদক খন্দকার হযরত আলী রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিক তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
একই তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার মাদক মামলায় নুসরাত শাহরিন রাকার সাতদিনের রিমান্ড আবেদন করেন৷ আসামিপক্ষে ওমর ফারুক ফারুকীসহ কয়েকজন রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে নুসরাত শাহরিন রাকাকে আটকের পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে হেফাজতে নিয়ে যায়।
সূত্র জানায়, বিদেশে পলাতক অবস্থায় ‘কথিত’ সাংবাদিক এবং টিভি উপস্থাপক ড. কনক সারোয়ার দীর্ঘদিন ধরে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। দেশে বেশ কয়েক বছর কারাবন্দি ছিলেন তিনি। জামিনে জেল থেকে বেরিয়ে তিনি বিদেশে পালিয়ে যান। তার বর্তমান অবস্থান যুক্তরাষ্ট্রে। বিদেশে বসে তিনি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা রটনায় লিপ্ত রয়েছেন। এছাড়া তিনি সরকারের বিরুদ্ধে ক্রমাগত বিষোদগার চালিয়ে যাচ্ছেন।
