১০ জন নিয়ে ভারতকে রুখে দিল বাংলাদেশ

স্পোর্টস আপডেট ডেস্ক- সবার মধ্যে উৎকন্ঠা। কখন বাজবে শেষ বাঁশি। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বাংলাদেশ শিবিরে উল্লাস। মালেতে সাফ চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে হারায়নি বটে বাংলাদেশ, ১-১ গোলে ড্র করেছে। তবে এই ড্রয়ের আনন্দ জয়ের সমান।

 

খেলোয়াড়রা বাংলাদেশি প্রবাসী দর্শকদের সামনে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। অধিনায়ক জামাল ভূঁইয়া দর্শকদের পানি ছিটিয়ে অভিবাদন জানান। ভারতকে সমর্থন দিতে আসা সমর্থকরা অনেকটা নিরবে স্টেডিয়াম ত্যাগ করেন।

 

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ভারতের চেয়ে ৮২ ধাপ পেছনে। এর উপর এক গোলে পিছিয়ে থেকে দশ জনের দল ছিল বাংলাদেশ। সেই অবস্থা থেকে এক গোল পরিশোধ করে ম্যাচে ফেরা অত্যন্ত কৃতিত্বের। কোচ অস্কার ব্রুজনের সাফল্যও এটি।

 

মালে স্টেডিয়ামে আসা বাংলাদেশি প্রবাসীরাও যথেষ্ট উচ্ছ্বসিত। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে এক গোলের ড্র যে বড় অনুপ্রেরণা। দুই ম্যাচ শেষে বাংলাদেশই এখন চার পয়েন্ট নিয়ে সাফের পয়েন্ট টেবিলের শীর্ষে। রাতের ম্যাচে নেপাল না জিতলে বাংলাদেশ যুগ্ম অথবা এককভাবে শীর্ষে থাকার সুযোগ রয়েছে।

 

মালের জাতীয় স্টেডিয়ামে সোমবার বিকেল পাঁচটায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে সুনীল ছেত্রীর গোলে ভারত লিড নেয়। পরের অর্ধে লাল কার্ডে ১০ জনে পরিণত হওয়া দলকে সমতা এনে দেয় ইয়াসিন আরাফাতের গোল।

 

সব মিলে হাই ভোল্টেজ ম্যাচটা দুর্দান্তভাবে ফিরে এক পয়েন্টের স্বস্তি নিয়ে ভারত বাধা শেষ করেছে বাংলাদেশ।

 

ভারতের প্রথম ম্যাচ। আর বাংলাদেশের দ্বিতীয়। তিন দিনের মাথায় দুই ম্যাচের ক্লান্তি নিয়ে ফুরফুরে মেজাজে থাকা ভারতের বিপক্ষে নামেন জামালরা।

 

দলে সাদ ও মতিন-এই দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমে প্রথমে খেলার ছন্দ ধরতে কিছুটা সময় নেয় বাংলাদেশ।

 

২৫ মিনিটে প্রথম সুযোগ তৈরি হয় বাংলাদেশের। জামালের ফ্রি-কিকে পাওয়া বলে ভারতের রক্ষণ জটলা থেকে বাই সাইকেল কিক নিয়েছিলেন বিপলু। সাদের হেডে বল চলে যায় বাইরে।

 

এখান থেকে পাল্টা আক্রমণে ২৬ মিনিটে ম্যাচের লিড নিয়ে ফেলে ভারত। ডান দিক দিয়ে আক্রমণ সাজিয়ে বল ভারত নিয়ে যায় কর্নারের দিকে। সেখান থেকে রক্ষণকে ফাঁকি দিয়ে বল নিয়ে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন উদানা সিং।

 

একেবারে ফাঁকায় জায়গা করে নেয়া ছেত্রির পায়ে বল চলে এলে ডান পায়ে আলতো টোকায় তা জালে জড়াতে ভুল করেননি বাংলাদেশের বিপক্ষে সবশেষ ম্যাচে জোড়া গোল করা এই ফরোয়ার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *