নজর২৪, গাজীপুর- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা চেয়ে রোববার (৩ অক্টোবর) তাকে এই চিঠি দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ।
শোকজের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘যথাসময়ে কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব দেওয়া হবে। আমি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে নেবো। প্রযুক্তিগত কৌশল খাটিয়ে নির্বাচনে বিরোধীতাকারী ও ষড়যন্ত্রকারীরা সঙ্ঘবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। আমি বারবার এর প্রতিবাদ করে আসছি এবং এখনও করছি।’
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান জানান, রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত দলীয় চিঠিটি মেয়র জাহাঙ্গীর আলমকে ইস্যু করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে হবে।
মধ্যরাতে নিজ বাসায় বসে একজনের সঙ্গে কথোপকথনের ভিডিও ফেসবুকে ফাঁস হওয়াকে কেন্দ্র করে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা।
প্রকাশিত রেকর্ডটিতে দেখা যায়, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীকার আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন গাজীপুর আওয়ামী লীগের অন্যতম এই নেতা।
গাজীপুর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানকে নিয়েও আপত্তিকর বক্তব্য আছে সেই ভিডিওতে।
বিষয়টি পছন্দ হয়নি স্থানীয় আওয়ামী লীগের বড় অংশের। ২২ সেপ্টেম্বর থেকে নানাভাবে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন তারা।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান ইতোমধ্যে কথা বলেছেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে। জানিয়েছেন, জেলা আওয়ামী লীগে তার ডেপুটির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন শীর্ষ পর্যায় থেকে সংকেত আসার পর।
তবে ভিডিওকে বানোয়াট বলছেন জাহাঙ্গীর। তিনি তার অনুসারীদেরকে নিয়ে ২৪ সেপ্টেম্বর একটি সমাবেশও করেন, পাশে তার বিরোধীদেরও অবস্থান ছিল। পুলিশ বিরোধীদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়ার পর জাহাঙ্গীর নির্বিঘ্নে সমাবেশ করেন।
