অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত

নজর২৪ ডেস্ক- অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরুর ঘণ্টা দেড়েকের মধ্যেই আবার তা স্থগিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে এ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে মন্ত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন। বিটিআরসির কর্মকর্তারা বলছেন, এ সংক্রান্ত তালিকা চেয়েও তথ্য মন্ত্রণালয় থেকে না পেয়ে তা স্থগিত করা হয়।

 

এর আগে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের বিষয়ে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে নিবন্ধিত প্রথম সারির অনেক অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেয় বিটিআরসি। এ তালিকা থেকে বাদ যায়নি সরকারি সংবাদ সংস্থাও (বাসস)।

 

২০১৯ সালে একবার প.র্নো.সাইট বন্ধ করতে গিয়ে ব্লগসাইটসহ অনেক ওয়েবসাইট বন্ধ করে দিয়েছিল বিটিআরসি। পরে সেগুলো খুলে দেওয়া হয়।

 

এ বিষয়ে জানতে চাইলে মোস্তাফা জব্বার বলেন, খোঁজ নিয়ে দেখি বিটিআরসি কী করছে। মন্ত্রীর এ বক্তব্যের কিছুক্ষণ পরই বন্ধ হওয়া নিউজ পোর্টালগুলো আবার চালু করা হয়।

 

পরে মন্ত্রী জানান, অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তালিকা পেলে পরে সেই অনুযায়ী অনিবন্ধিত সাইটগুলো বন্ধ করা হবে।

 

মোস্তাফা জব্বার জানান, বিটিআরসি তালিকা ধরে নিউজ পোর্টালগুলো বন্ধের প্রক্রিয়া শুরু করেছিল। ওই তালিকায় বেশকিছু ত্রুটি আছে। ফলে আপাতত অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

 

বিটিআরসি এক কর্মকর্তা বলেন, তথ্য মন্ত্রণালয় থেকে নিবন্ধিত নিউজ ওয়েবসাইটের তালিকা চাওয়া হয়েছিল। কিন্তু তারা দেয়নি। তবে এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের কেউ মন্তব্য করতে রাজি হননি।

 

অন্যদিকে, দেশের সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টের আদেশ প্রতিপালনে আরও দুই সপ্তাহ সময় পেয়েছে বিটিআরসি। এ বিষয়ে শুনানি ও আদেশের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ঠিক করেছেন আদালত।

 

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই তারিখ ঠিক করে দেয়।

 

আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন ফারজানা শারমিন। রিটের পক্ষে শুনানি করেন জারিন রহমান ও রাশিদা চৌধুরী নিলু। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

 

রাশিদা চৌধুরী নিলু বলেন, ‘আদালতের আদেশ বাস্তবায়ন করে বিটিআরসিকে আজকে অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য বলা ছিল। কিন্তু বিটিআরসি আজকে প্রতিবেদন দাখিল না করার কারণ উল্লেখ করে দুই সপ্তাহ সময় চায়। আদালত তাদের বক্তব্য শুনে ২৫ অক্টোবর পরবর্তী তারিখ ঠিক করে প্রতিবেদন দাখিল করতে বলেছে।’

 

অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল বন্ধে গত ১৪ সেপ্টেম্বর আদেশ দেয় হাইকোর্ট। আদালতের আদেশ পাওয়ার ৭ দিনের মধ্যে তাৎক্ষণিকভাবে বন্ধে পদক্ষেপ নিতে বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ দেয়া হয়।

 

গত ১৬ আগস্ট অনিবন্ধিত নিউজপোর্টালের প্রচার ও প্রকাশ বন্ধে আইনি পদক্ষেপ নিতে এবং নিবন্ধনের জন্য বিবেচনাধীন অনলাইন নিউজপোর্টালগুলোকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেয়া হবে না- জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।

 

রুলে প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ এর ১১(২) (খ) অনুযায়ী কার্যকর ও উপযুক্ত একটি নৈতিক আচরণবিধি প্রণয়নে নিষ্ক্রিয়তাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না জানতে চাওয়া হয়। পত্রিকা ও অন্যান্য সংবাদ সংস্থা, সাংবাদিকদের উচ্চ মানসম্পন্ন পেশাদারত্বের জন্য একটি নৈতিক আচরণবিধি করার নির্দেশ কেন দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয় রুলে।

 

পাশাপাশি ন্যাশনাল ব্রডকাস্ট পলিসি-২০১৪ অনুযায়ী একটি ‘ব্রডকাস্টিং কমিশন’ গঠনে যথাযথ পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না রুলে তাও জানতে চায় হাইকোর্ট।

 

ওই রুল পেন্ডিং থাকা অবস্থায় এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর আদেশ দেয় হাইকোর্ট। যে আদেশ বাস্তবায়ন করে আজ প্রতিবেদন দাখিলের জন্য আদেশ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *