নজর২৪ ডেস্ক- স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত করতে ভোট শুরু হয়েছে দেশের ১৬০ ইউনিয়ন পরিষদে। সেইসঙ্গে ভোট হচ্ছে ৯ পৌরসভাতেও।
কেন্দ্রগুলোতে সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এরইমধ্যে ৪৪টি ইউপির চেয়ারম্যান পদে ও ৩টি পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সেখানে ভোট হচ্ছে অন্য পদগুলোতে।
খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীর ১৬০ ইউপিতে চেয়ারম্যান পদের জন্য লড়াইয়ে আছেন ৫০০ জন, সংরক্ষিত ওয়ার্ডের জন্য ১ হাজার ৯৬৫ জন এবং সাধারণ ওয়ার্ডের জন্য আছেন ৬ হাজার ৩৩৩ জন।
যেসব পৌরসভায় ভোট হচ্ছে সেগুলো হলো পঞ্চগড়ের দেবীগঞ্জ, যশোরের নওয়াপাড়া, ফরিদপুরের ভাঙ্গা, কুমিল্লার নাঙ্গলকোট, ফেনীর সোনাগাজী, নোয়াখালী কবিরহাট, চট্টগ্রামের বোয়ালখালী এবং কক্সবাজার জেলার মহেশখালী ও চকরিয়া।
এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছে নাঙ্গলকোট, বোয়ালখালী ও কবিরহাট পৌরসভায়। অন্যগুলোতে মেয়র পদে লড়ছেন ২৭ জন।
