Home অন্যান্য ইভ্যালিতে ৩ মাস কাজ করেও বেতন পাইনি: শবনম ফারিয়া

ইভ্যালিতে ৩ মাস কাজ করেও বেতন পাইনি: শবনম ফারিয়া

0
152

নজর২৪, ঢাকা- বহুল আলোচিত ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

এদিকে, প্রতিষ্ঠানটি নিয়ে মুখ খুলেছেন এর প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করা অভিনেত্রী শবনম ফারিয়া।

 

জানা গেছে, ইভ্যালিতে প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে শবনম ফারিয়া যোগ দেন তিন মাস আগে। কিন্তু এই তিন মাসে তিনি প্রতিষ্ঠানটির কাছ থেকে এক টাকাও পাননি বলে অভিযোগ তার। এছাড়া প্রায় এক মাস আগে তিনি ইভ্যালি থেকে পদত্যাগ করেছেন বলেও জানিয়েছেন।

 

এ বিষয়ে শবনম ফারিয়া গণমাধ্যমকে বলেন, ‘প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পর অফিসিয়ালি তিন মাস কাজ করলেও কোনো বেতন পাইনি। যোগদানের পর থেকেই জানতে পারি ভেতরে বেতন নিয়ে সমস্যা চলছিল। তাই তিন মাস কাজের পরই আগস্টের শেষ সপ্তাহে আমি চাকরি ছেড়ে চলে আসি।’

 

অর্থ আত্মসাতের মামলার পর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে রাসেল ও তার স্ত্রী শামীমাকে গ্রেপ্তার করে র‌্যাব। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাবের সদরদপ্তরের সংবাদ সম্মেলনের পর দুজনকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। এরপর আদালতে হাজির করা হলে আদালত তাদের তিনদিনের রিমান্ডে পাঠায়।

 

ইভ্যালিতে ‘ওয়ান ম্যান শো’ চলত বলে দাবি করেছে র‍্যাব। শুক্রবার প্রেস ব্রিফিংয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, “ইভ্যালি একটি পরিকল্পিত পারিবারিক প্রতিষ্ঠান। ইট ওয়াজ ‘ওয়ান ম্যান শো’। ইট ওয়াজ রাসেল ইটসেলফ। নিজস্ব বিচার-বিবেচনায় তিনি সব করতেন। তার প্রতিষ্ঠানের সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা ছিল না।”

 

র‌্যাব জানায়, ইভ্যালি শুরু থেকেই লোকসানি প্রতিষ্ঠান ছিল। ২০১৭ সালে শিশুপণ্যের একটি প্রতিষ্ঠান বিক্রি করে রাসেল ১ কোটি টাকা পান। এই টাকা দিয়ে ইভ্যালি শুরু। অফিসসহ অন্যান্য ব্যয় মিলে প্রতি মাসে সাড়ে ৫ কোটি টাকা বহন করতে হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here