র‍্যাব সদর দপ্তরে স্ত্রীসহ ইভ্যালির রাসেল, চলছে জিজ্ঞাসাবাদ

নজর২৪, ঢাকা- অর্থ আত্মসাতের মামলায় আলোচিত ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব।

 

বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তারের পর তাদের র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

 

আগামীকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির এ দুই শীর্ষ কর্মকর্তাকে গুলশান থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে এ দম্পতিকে গ্রেফতার করে র‌্যাবের সাদা গাড়িতে করে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এর আগে বিকেল ৪টা থেকে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের মোহাম্মাদপুরের বাসায় অভিযান চালায় র‌্যাব।

 

রাতে র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ইভ্যালির চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে মামলার পরিপ্রেক্ষিতে বিকেল ৪টা থেকে রাসেলের মোহাম্মাদপুরের বাসায় গ্রেফতার অভিযান চালানো হয়। বিকেল সাড়ে ৫টার দিকে তাদের গ্রেফতার করে র‌্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

 

এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক ইভ্যালির এমডি রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *