নজর২৪, ঢাকা- ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রাসেলের মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসায় অভিযান পরিচালনা শেষে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে তাদের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা করেন আরিফ বাকের নামে একজন ভুক্তভোগী।
সেই মামলার পরিপ্রেক্ষিতে বিকেলে মিনিটে ইভ্যালির চেয়ারম্যান ও সিইওর রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসায় অভিযান পরিচালনা করে র্যাব-২। অভিযানে ফ্ল্যাট তল্লাশি করে তাদের হেফাজতে নেয় র্যাব। এরইমধ্যে রাসেলের বাসায় অভিযানের কথা শুনে ইভ্যালির গ্রাহকরা ঘটনাস্থলে হাজির হন। এ সময় তারা তাদের গ্রেফতারের বিরোধিতা করে বিক্ষোভ করেন।
এ বিক্ষোভের মাঝে বিকেল ৫টা ১৭ মিনিটে র্যাব-২ সদস্যরা একটি সাদা মাইক্রোতে রাসেল দম্পতিকে ওঠান। তবে এ সময় তাদের হাতে কোনো হাতকড়া পরানো হয়নি।
রাসেলের পরনে কালো রঙের টি শার্ট। পরে বিকেল সাড়ে পাঁচটায় বিক্ষোভের মাঝখান দিয়ে র্যাব সদস্যরা তাদের নিয়ে যান। বিক্ষোভকারীরা এসময় গাড়িটি আটকে ধরেন।
অভিযানে অংশ নেওয়া র্যাবের এক কর্মকর্তা বলেন, গুলশান থানায় করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।
বাসায় কি কোনো কিছু জব্দ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।





