শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়: ওবায়দুল কাদের

নজর২৪, ঢাকা- শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

 

বিএনপির কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা কেন দেবে সরকার? দেশের আইন আদালতের প্রতি সরকারের কোনোরূপ হস্তক্ষেপ বা চাপ নেই।

 

তিনি বলেন, কোনও মামলায় আইন প্রয়োগকারী সংস্থা আদালতের নির্দেশে গ্রেফতার করলেই সরকারের দোষ, গুরুতর অপরাধীকেও শাস্তির আওতায় আনা যাবে না; এ কোন ধরনের অভিযোগ?

 

ওবায়দুল কাদের জানতে চান- তাহলে কি দেশে বিচার ব্যবস্থা বা আইন আদালত থাকবে না?

 

তিনি বলেন, মিথ্যাচারের রাজনীতিই বিএনপির সম্বল। তারা রাজনীতির মাঠে নেই, করোনায় মানুষের পাশে নেই। নিয়মিত লিপ সার্ভিসে অসত্য তথ্য উপস্থাপন করছে। এটি তাদের রেওয়াজে পরিণত হয়েছে।

 

সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ কল্পিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নিত্যদিন সরকারের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ উত্থাপন বিএনপির রোজনামচায় পরিণত হয়েছে।

 

বিএনপি ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, অ.স্ত্র নিয়ে ধরা পড়েছে এমন অপরাধীদের পক্ষে তারা বিবৃতি দিয়ে মুক্তি দাবি করেছে। তারা স্বাভাবিক আইনগত প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে।

 

তিনি বলেন, সরকারের অবস্থান হচ্ছে স্পষ্ট; তা হলো সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *