Home প্রধান খবর ছাত্রদলের সাবেক সভাপতি রাজীবকে তুলে নেওয়ার অভিযোগ

ছাত্রদলের সাবেক সভাপতি রাজীবকে তুলে নেওয়ার অভিযোগ

0
192

নজর২৪, ঢাকা- ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে একদল ব্যক্তি তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

 

বুধবার রাত সোয়া ১১টার দিকে বিডিআর ৪ নম্বর গেট থেকে তাকে তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান। রাজীব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যও।

 

প্রত্যক্ষদর্শী ছাত্রদলের সাবেক নেতা মাসুম বিল্লাহ’র বরাত দিয়ে আকরাম হাসান জানান, ‘ধানমন্ডিতে দলীয় নেতা-কর্মীদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফেরার পথে সাবেক সভাপতি রাজীব আহসানকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তুলে নিয়ে যায়।’

 

এদিকে একই অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। এ বিষয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

 

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের ধারাবাহিকভাবে অপহরণ করে গুম করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। আর তারই অংশ হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি রাজীব আহসানকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছে।’

 

বিএনপির মহাসচিব বলেন, ‘গভীর উদ্বেগের বিষয় এই যে, তাকে গ্রেফতারের কথা অস্বীকার করা হচ্ছে এবং এখনও পর্যন্ত তার কোনো সন্ধান দেয়া হচ্ছে না। সরকার জনগণকে ভয় পাইয়ে দিয়ে তাদের শাসন চালু রাখতেই আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী নেতাকর্মীদের হত্যা, অপহরণ ও গুমের মাধ্যমে ভয়ঙ্কর কর্মকান্ড অব্যাহত রেখেছে। কিন্তু বর্তমান আওয়ামী সরকার ভুলে গেছে, যুগে যুগে এমন সরকারের ভাগ্যে কি পরিণতি ঘটেছে।’

 

মির্জা ফখরুল বলেন, ‘আমি অবিলম্বে রাজিব আহসানকে সুস্থ অবস্থায় জনসমক্ষে হাজির করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here