শেষ পর্যন্ত স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

স্পোর্টস আপডেট ডেস্ক- শেষ পর্যন্ত স্থগিতই হয়ে গেল ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ। ফুটবল দেখল স্মরণীয় এক ঘটনা। আন্তর্জাতিক ম্যাচের পাঁচ মিনিট পার হওয়ার পরও কোয়ারেন্টাইন জটিলতার কারণে বন্ধ হয়ে গেছে ম্যাচ।

 

বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

 

পুরো বিশ্বের নজর এই মুহূর্তে ব্রাজিলের সাও পাওলোতে। কোপা আমেরিকা ফাইনালের পর এই প্রথম মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা।

 

বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় বহুল আকাঙ্ক্ষিত এই দ্বৈরথ। তবে বল মাঠে গড়াতে না গড়াতে ঘটে বিপত্তি।

 

ব্রাজিলের হেলথ রেগুলেটরি এজেন্সির (আনভিসা) সদস্যরা প্রবেশ করেন মাঠে। ও রেফারিকে বলে খেলা থামান।

 

তাদের অভিযোগ আর্জেন্টিনা দলের চার খেলোয়াড় এমিলিয়ানো মার্তিনেস, এমিলিয়ানো বুয়েন্দিয়া, জিওভানি লো সেলসো ও ক্রিস্টিয়ান রোমেরো ব্রাজিলের কোভিড আইন ভঙ্গ করেছেন ও আনভিসাকে ভুল তথ্য দিয়েছেন।

 

আনভিসা জানায়, এই চার খেলোয়াড় ইংল্যান্ড থেকে আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দেন ভেনিজুয়েলার কারাকাসে। শুক্রবার ভেনিজুয়েলার বিপক্ষে খেলার পর পুরো স্কোয়াডের সঙ্গে তারা আসেন ব্রাজিলের গুয়ারুলুসে।

 

এখানেই তারা নিয়ম ভেঙ্গেছেন দাবি আনভিসার। ব্রাজিলের নিয়ম অনুযায়ী কয়েকটি ক্ষেত্র ছাড়া তালিকাভুক্ত দেশ থেকে ব্রাজিলে সফরকারীদের ১৪ দিনের কোয়ারেন্টিন করে দেশটিতে প্রবেশ করতে হবে।

 

ওই তালিকায় ভেনিজুয়েলা না থাকলেও ইংল্যান্ড রয়েছে। ওই চার খেলোয়াড়ের দুই জন বুয়েন্দিয়া ও মার্তিনেস খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলায় আর বাকি দুই জন খেলেন টটেনহ্যাম হটস্পারে।

 

আনভিসা বলছে, এই চার খেলোয়াড় শুধু ভেনিজুয়েলা থেকে ব্রাজিলের ঢুকে অপরাধ করেছেন তা নয়, তারা পাসপোর্টের সঙ্গে ভুল তথ্যও জমা দিয়েছেন। যে কারণে তারা ওই চার খেলোয়াড়কে মাঠ থেকে সরিয়ে নিতে এসেছেন।

 

তারা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘আনভিসা পরিস্থিতিটিকে একটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি বলে মনে করে। তাই স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়েছে খেলোয়াড়দের অবিলম্বে আলাদা করার জন্য। তাদেরকে যেন ব্রাজিলের ভূখণ্ডে খেলায় ও অন্যান্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করা থেকে বিরত রাখা হয়।’

 

রেফারি আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলোয়াড়দের ড্রেসিং রুমে ফেরত পাঠিয়ে দেন। ম্যাচ আপাতত স্থগিত আছে। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনিকে দেখা গেছে মাঠে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *