নজর২৪ ডেস্ক- ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে নিয়ে সংসদে কথা বলায় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের সমালোচনা করেছেন সরকারদলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ।
গত (শুক্রবার) সংসদে পরীমনি, বোট ক্লাব ও কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আ-ত্ম-হত্যা প্ররোচনা মামলা নিয়ে বক্তব্য দিয়ে বিএনপির এমপি হারুন এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি জানান।
শনিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হুইপ আবু সাঈদ বলেন, তিনি (এমপি হারুন) কী কারণে যেন পরীমনির বিষয়ে বড় বেশি আগ্রহী। আমি জানি না, তার বাসায় কী অবস্থা। এর আগেও তিনি পরীমনির বিষয়ে সংসদে কথা বলেছিলেন। গতকালও (শুক্রবার) সুযোগ পেয়ে পরীমনির বিষয় সংসদে উপস্থাপন করেছেন।
হারুনুর রশীদ অপ্রাসঙ্গিকভাবে পত্রিকার উদ্ধৃতি দিয়ে বেশ কিছু আপত্তিকর বক্তব্য দিয়েছেন উল্লেখ করে স্পিকারের কাছে এমপি হারুনের ওই সব বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান সরকারদলীয় এ হুইপ।
তিনি বলেন, হারুনুর রশীদ অপ্রাসঙ্গিকভাবে পত্রিকার উদ্ধৃতি দিয়ে বেশকিছু আপত্তিকর বক্তব্য দিয়েছেন। সেখানে সত্যের প্রচুর অপলাপ রয়েছে।
আবু সাঈদ আল মাহমুদ বলেন, স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মদ, জুয়া, হাউজি, রেসকোর্স আইন করে বন্ধ করেছিলেন। কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করে জিয়াউর রহমান বিস্মিল্লাহির রাহ্মানির রাহিম বলে বাংলাদেশে মদ, জুয়া, হাউজি সবকিছু জায়েজ করে দিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশে মদ, জুয়া, হাউজি বন্ধ করা খুব দুরূহ হয়ে দাঁড়িয়েছে।
