নজর২৪, সিলেট- সিলেট-৩ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। এ নির্বাচনে মোট ভোট পড়েছে এক লাখ ১৪ হাজার ৩০৯টি। এর মধ্যে নৌকা প্রতীক ৮৯ হাজার ৭০৫ ও লাঙ্গল প্রতীক পেয়েছে ২৪ হাজার ৬০৪ ভোট।
প্রধান প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবহার ৬৫ হাজার ১০১। প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে ৬৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন হাবিবুর রহমান হাবিব।
শনিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলে। নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে।
এই নির্বাচনের অন্য দুই প্রার্থী বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী ৫ হাজার ১৩৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া পান ৬৪০ ভোট।
বিজয়ের পর শনিবাত রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাবিবুর রহমান হাবিব ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জনগণের আশ্বাসের প্রতিদান দেয়ার কথা বলেন।
আর পরাজয় মেনে নিয়ে আতিকুর রহমান আতিক বিজয়ী প্রার্থী হাবিবকে অভিনন্দন জানিয়েছেন।
এর আগে সকাল থেকে সিলেট-৩ আসনের ভোট শুরু হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলেও ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। বেশিরভাগ কেন্দ্রে গিয়েই ভোটার দেখা যায়নি।
কোনো প্রার্থীদের পক্ষ থেকেই নির্বাচন নিয়ে বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলাম জানিয়েছেন ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে।
তিনি বলেন, ‘এখনও আমরা পুরো হিসাব পাইনি। তবে বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্যে ধারণা করছি ৩০ থেকে ৪০ শতাংশ ভোট প্রয়োগ হয়েছে।’
ভোটার উপস্থিতি কম হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা অনুকূল পরিবেশ তৈরি করেছি। কোথাও কোনো গোলোযোগ হয়নি। শান্তিপূর্ণ ভোট হয়েছে। তারপরও কেনো মানুষ ভোটে আসেননি তা বলতে পারব না।’
