নজর২৪ ডেস্ক- আজ সকাল থেকেই অভিনেত্রীর বাড়ির সামনে এমন ভিড়ের কারণে বিব্রত পাশের ফ্ল্যাটের বাসিন্দারা। এ কারণে বাড়ির মূল ফটক তালা লাগিয়ে ভেতর থেকে পলিথিন টাঙিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) বনানীর লেকভিউয়ের ওই বাড়ির সামনে দেখা গেছে, চিত্রনায়িকার জামিনের খবরে সকাল থেকেই অনেকে ওই বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন। ঢাকার জনপ্রিয় এই নায়িকাকে একনজর দেখতে অনেক ভক্ত-অনুরাগী বাড়ির সামনে ভিড় করছেন।
এমন পরিস্থিতিতে বাইরে থেকে গণমাধ্যমকর্মীরা বাড়ির ভেতরের ছবি তোলার চেষ্টা করলে মূল ফটকে নীল রঙের পলিথিন ঝুলিয়ে দেওয়া হয়।
জানা গেছে, পরীমনিকে নিয়ে বিব্রত তার প্রতিবেশীরা। নাম প্রকাশ না করার শর্তে পরীর পাশের ফ্ল্যাটের এক বাসিন্দা গণমাধ্যমকে বলেন, ‘একটি পরিবারের জন্য এ বাড়ির সুনাম নষ্ট হতে বসেছে। এটি আসলে মেনে নেয়া যায় না। এ এলাকাটি ভদ্রলোকের জন্য।’
তিনি বলেন, এ বাড়ির ছয়তলায় পরীমনি একাই থাকেন। তিনি ভাড়া থাকেন। অন্যগুলোতে ফ্ল্যাট মালিকরা নিজেদের পরিবার নিয়ে থাকেন। বর্তমানে পরীমনির কারণে অন্যদের নানা রকম প্রশ্ন ও স্বজনদের কাছে জবাবদিহিতার মধ্যে পড়তে হচ্ছে। বাচ্চারাও এসব নিয়ে বিরক্ত।
রোজ রোজ পুলিশ, সাংবাদিক। এসব দেখে তো অভ্যস্ত নন তারা। এতে আমরা বিব্রত। এসব বিষয় বিবেচনা করে পরীমনির ফ্ল্যাটের মালিককে অভিযোগ জানানো হয়েছে। দ্রুত যেন ব্যবস্থা নেন তিনি।
আরেক প্রতিবেশী জানান, আগামী তিন মাসের মধ্যে পরীমনিকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হবে। তার ফ্ল্যাট মালিকের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন অন্য ফ্ল্যাটের মালিকরা।
উল্লেখ্য, আজ (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ২১ মিনিটে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে পরীকে হস্তান্তর করে কাশিমপুর কারা কর্তৃপক্ষ ।
মাদক মামলায় ২৭ দিন পর জামিন পেলেন এই শীর্ষ নায়িকা। পরীমণিকে নিতে কারাফটকে উপস্থিত ছিলেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিন। পরে সকাল ৯টা ৩৭ মিনিটে গাড়িতে পরীমণিকে নিয়ে কারাফটক ত্যাগ করেন তারা।
কারাগার থেকে জামিন পেয়ে বেলা ১টার দিকে নিজ গাড়িতে চেপে বনানীর নিজ বাসায় ফিরেন এই নায়িকা।
বাসার সামনে গাড়ি থেকে নেমে মিডিয়াকর্মীদের জটলা পেরিয়েছেন বেশ হাসিমুখে। হাতে ছিল বিস্কুট ও ফুল। এসময় তিনি আরাম করে বিস্কুট চিবুতে চিবুতে কোনও কথা না বলেই বাসায় ঢুকলেন।
স্বাভাবিক নিয়মেই, তার প্রতিক্রিয়া জানতে আগে থেকেই অপেক্ষমাণ ছিলো গণমাধ্যমকর্র্মীরা। তবে পরীমণির হয়ে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী কথা বলেন মিডিয়ার সঙ্গে।
তিনি বলে, ‘পরীমণি শারীরিক ও মানসিকভাবে ঠিক নেই। ওনার এখন বিশ্রামের প্রয়োজন। মিডিয়ার সঙ্গে কথা বললেও সেটা দুই একদিন পরে, এখনই নয়। এরমধ্যে আইনি প্রয়োজন হলে তিনি বের হবেন। তা না হলে বিশ্রামে থাকবেন।’
