Home প্রধান খবর শিশু দুটি পারিবারিক পরিবেশে থাকুক: মা-বাবাকে হাইকোর্ট

শিশু দুটি পারিবারিক পরিবেশে থাকুক: মা-বাবাকে হাইকোর্ট

0
100

নজর২৪, ঢাকা- দুই শিশুকে নিয়ে তাদের মা জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাবা বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিক শরীফ ইমরানের অনড় অবস্থানের প্রেক্ষাপটে হাইকোর্ট বলেছেন, আপনারা একটু পজিটিভলি ভাবুন, আমরা চাই শিশু দুটি পারিবারিক পরিবেশে থাকুক।

 

শিশু দুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিবর্তে উন্নত হোটেলে রাখার বিষয়ে বাঙালি বাবা ও জাপানি মায়ের মতামত নিয়ে শুনানিতে মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এমন মন্তব্য করেন।

 

আদালতে আজ মায়ের পক্ষে মোহাম্মদ শিশির মনির ও বাবার পক্ষে অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ শুনানি করেন।

 

শুনানির এক পর্যায়ে ওই দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাবার কাছে নাকি মায়ের কাছে থাকতে চায় সে বিষয়ে তাদের সঙ্গে একান্তে কথাও বলেছেন হাইকোর্ট। বিচারপতিদের খাস কামরায় প্রায় আধাঘণ্টা শিশুদের সঙ্গে কথা বলার পর আদালত উভয়পক্ষের আইনজীবীদের বলেন, আমরা চাই শিশুরা পারিবারিক পরিবেশে থাকুক। আপনারা সবাই বিষয়টি পজিটিভলি দেখুন।

 

এর আগে গত ২৩ আগস্ট শরীফ ইমরানের জিম্মা থেকে দুই শিশু সন্তানকে সিআইডি কর্তৃক উদ্ধারের পর আগামী ৩১ আগস্ট পর্যন্ত তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাদের মা ও বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাবা শিশুদের সঙ্গে সময় কাটাতে পারবেন বলেও আদালত সময় বেঁধে দিয়েছিলেন আদালত।

 

এছাড়াও আজ (৩১ আগস্ট) শিশুদের হাইকোর্ট হাজির করতে এবং এ সময়ের মধ্যে আদালত উভয়পক্ষের আইনজীবীদের বিষয়টি সমাধান করতে ভূমিকা রাখার প্রচেষ্টা চালাতে পরামর্শ দিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here