নজর২৪ ডেস্ক- ভারতীয় হাই-কমিশনার বিক্রম কে দোরাইস্বামী বলেছেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি খুব ভালো জায়গা। এ জন্যই ভারতীয় যেসব কোম্পানি ইতোমধ্যে এ দেশে বিনিয়োগ করেছে- তারা আবারো এখানে বিনিয়োগ করছে।
রোববার ঢাকায় ভারতীয় হাই-কমিশনে ‘ব্যবসা ও অর্থনৈতিক সাংবাদিকদের জন্য’ এক সেমিনারে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উপায় খুঁজতে আলোচনার জন্য ঢাকায় ভারতীয় হাই-কমিশন এই সেমিনারের আয়োজন করে।
বিক্রম কে দোরাইস্বামী বলেন, ‘বাংলাদেশে ভারতীয় কোম্পানিগুলোর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের (এফডিআই) পরিমাণ তিন বিলিয়ন ডলারের বেশি। বাংলাদেশে ভারতীয় কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়ছে।’
তিনি আরো বলেন, ঢাকা যদি ব্যবসার প্রক্রিয়া আরো সহজ করে ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্পন্ন করে- তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিনিয়োগ এবং বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
