‘খালেদা জিয়া বিদেশ যেতে চাইলে তাকে আবার কারাগারে যেতে হবে’

নজর২৪, ঢাকা- আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে হবে।

 

শনিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল লা ভিঞ্চিতে ল রিপোর্টার্স ফোরাম ও এমআরডিআই’র যৌথ আয়োজনে সাংবাদিকদের এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

 

আইনমন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে। তবে আবারও তাকে জেলে যেতে হবে। এরপর নতুন করে তাকে আবেদন করতে হবে।

 

আনিসুল হক বলেন, ‘যে আবেদনের প্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে, সেই আলোকে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। ওই আবেদন নিষ্পত্তি হয়ে গেছে।’

 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালতের দেওয়া ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২ বছর ১৭ দিন কারাভোগের পর করোনা সংক্রমণের কারণে গত বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য মুক্তি পান তিনি। এরপর তিন দফায় ছয় মাস করে বাড়ানোর হয় জামিনের মেয়াদ।

 

তবে গত মে মাসে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার অনুমোদন চেয়ে আবেদন করে তার পরিবার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে আবেদনটি মতামতের জন্য পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে। তবে দণ্ডিত ব্যক্তিকে বিদেশে যাওয়ার আইনি সুযোগ নেই বলে মতামত দেয় আইন মন্ত্রণালয়।

 

এ প্রেক্ষাপটে শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, পুনরায় জেলে যাওয়া ছাড়া বিদেশে যাওয়ার আবেদন করতে পারবেন না খালেদা জিয়া।

 

করোনা আক্রান্ত হয়ে দুই দফা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বিএনপি চেয়ারপারসন এখন গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন। এরই মধ্যে করোনার দুই ডোজ টিকাও নিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *