আন্তর্জাতিক ডেস্ক- আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনাসহ ৭৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬০ জনই সাধারণ আফগান নাগরিক। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১৪০ জন।
বর্বর এই হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার কথাও জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ আগস্ট) জো বাইডেন বলেছেন, ‘আমরা ক্ষমা করবো না। আমরা এই হামলার কথা ভুলেও যাবো না। আমরা হামলাকারীদের অবশ্যই খুঁজে বের করবো এবং জড়িতদেরকে এর মূল্য দিতে হবে।’
হামলার কয়েক ঘণ্টার মাথায় গতকাল হোয়াইট হাউস থেকে বক্তব্য দেন বাইডেন। বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।
হামলায় নিহত মার্কিন সেনাদের প্রশংসা করেন বাইডেন। তিনি তাঁদের ‘হিরো’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসীদের কারণে নিবৃত্ত হব না।’
হামলাকারীদের সমুচিত জবাব দেওয়ার জন্য মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে প্রতি–আক্রমণের পরিকল্পনা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আমার কমান্ডারদের আইএসআইএসের সম্পদ, নেতৃত্ব ও স্থাপনার ওপর হামলা চালানোর জন্য অভিযানিক পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছি। আমরা আমাদের সময়মতো জবাব দেব।’
তালেবানের সঙ্গে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিদেশি সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের চুক্তির পর আফগানিস্তানে এই প্রথম মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল। হামলার পর কাবুল বিমানবন্দরের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো আগে থেকেই কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা করে আসছিল। আইএস হামলা চালাতে পারে বলে আগেই সতর্ক হয়েছিল। শেষ পর্যন্ত হামলার আশঙ্কাই সত্যি হলো।
হামলার পরপর কাবুলের মার্কিন দূতাবাস আমেরিকানদের ওই এলাকা থেকে সরে যেতে বলেছে।
ইতিমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
