Home জাতীয় খালেদা জিয়ার ২ মামলার অভিযোগ গঠনের শুনানি ৫ সেপ্টেম্বর

খালেদা জিয়ার ২ মামলার অভিযোগ গঠনের শুনানি ৫ সেপ্টেম্বর

0
200

নজর২৪, ঢাকা- মিথ্যা তথ্যের ভিত্তিতে জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেয়ার অভিযোগে করা মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৫ সেপ্টেম্বর দিন ঠিক করেছে আদালত।

 

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর এ দিন ধার্য করেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) আদালতের পেশকার শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পেশকার শাহাদাত বলেন, মামলা দুটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন আগেই ধার্য ছিল। করোনা প্রাদুর্ভাবের কারণে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় অভিযোগ গঠন হয়নি। আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় অভিযোগ গঠন শুনানির জন্য নতুন এ দিন ধার্য করেন বিচারক।

 

একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার মহানগর হাকিমের আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। পরের বছরের ১২ নভেম্বর আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেন।

 

মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন করার অভিযোগ এনে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করেন। ওই বছরের ১৭ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়।

 

বিএনপি চেয়ারপারসন বর্তমানে দুই মামলায় জামিনে আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here