নজর২৪, ঢাকা- তৃণমূলের মানুষের উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনইসি সম্মেলন কক্ষে বুধবার সকালে সচিব সভায় তিনি এ কথা বলেন। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সরকার প্রধান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘লাখো শহীদের রক্তে অর্জিত এ স্বাধীনতা যেন কখনোই ব্যর্থ না হয়। এই বাংলাদেশকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব, উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে।
‘এরই মধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমাদের ভবিষ্যতে আরও অনেক দূর যেতে হবে এবং সে পরিকল্পনাও আমরা নিয়েছি। যেমন প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান সেগুলো মাথায় রেখেই বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন যেন যথাযথ ভাবে হয়।’
তিনি বলেন, ‘আমাদের একটাই লক্ষ্য, একেবারে তৃণমূল পর্যায়ের যে মানুষগুলো তারা যেন একটা উন্নত জীবন পায়। দারিদ্র্যর হাত থেকে যেন মুক্তি পায়। অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার সুযোগটা যেন পায়।
এর আগে সরকারপ্রধানের উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর গত ৪ জুলাই চার বছর পর সরকারপ্রধানের উপস্থিতিতে সচিব সভা করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ওই দিনের সভা স্থগিত করা হয়। এখন লকডাউন তুলে দেওয়ায় বুধবার নতুন করে সচিব সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, সচিবদের নিয়ে প্রতিবছর একটি বিশেষ সভা করেন সরকারপ্রধান। সচিব সভা করার এই রীতি প্রতিবছরই পালিত হয়। তবে কোনো কোনো বছর সরকারপ্রধান উপস্থিত না থাকলেও সভা অনুষ্ঠিত হয়। তবে এবার প্রধানমন্ত্রী সভায় উপস্থিত থাকার সম্মতি দেওয়ায় সভার গুরুত্ব বেড়েছে। সারাবছর একটি দিন, একটি বৈঠকে সরকারপ্রধানকে পাওয়ার জন্য সচিবরা অপেক্ষা করেন বলে জানা গেছে।
