Home আন্তর্জাতিক অবশেষে মুখ খুললেন ​জো বাইডেন, ধুয়ে দিলেন আফগান প্রশাসনকে

অবশেষে মুখ খুললেন ​জো বাইডেন, ধুয়ে দিলেন আফগান প্রশাসনকে

0
155

আন্তর্জাতিক ডেস্ক- ব্যাপক সমালোচনার মুখে পড়লেও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, মার্কিন বাহিনী প্রত্যাহারের কোনও ভালো সময় নেই।

 

ক্যাম্প ডেভিডে অবকাশ কাটিয়ে সোমবার হোয়াইট হাউসে ফিরে প্রথমবারের মতো প্রকাশ্যে আফগানিস্তান ইস্যুতে কথা বলেন জো বাইডেন। তিনি বলেন, ‘ভালো সময় যদি কিছু থেকে থাকে তাহলে গত সপ্তাহে আফগানিস্তানে মার্কিন সামরিক সম্পৃক্ততার অবসানই সঠিক সিদ্ধান্ত।’

 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকান বাহিনীর এমন কোনও যুদ্ধ করা এবং নিহত হওয়া উচিত না, যেখানে আফগান বাহিনী নিজেদের জন্যই লড়াই করতে চায় না।’

 

তিনি জানান, বছরের পর বছর আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন রাখা সম্ভব নয়। আফগান প্রশাসন এবং সেনাকে দায়িত্ব নিতে হতো। কিন্তু তারা সে দায়িত্ব নিতে পারেনি। একই সঙ্গে বাইডেন জানিয়েছেন, এত দ্রুত তালেবান আফগান ক্ষমতা দখল করবে, তা তিনি ভাবতে পারেননি।

 

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং তার জেরে সে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে একাধিক দেশ অ্যামেরিকার সমালোচনায় মুখর হয়েছে। শুধু তা-ই নয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও বিবৃতি প্রকাশ করেছেন। তার দাবি আফগান পরিস্থিতির জন্য বাইডেনের পদত্যাগ করা উচিত। পরিস্থিতি সামলাতে তিনি সম্পূর্ণ ব্যর্থ।

 

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে স্বাভাবিক ভাবেই ঘরে-বাইরে চাপের মুখে বাইডেন। চাপের মুখে তিনি চুপ করে আছেন বলেও অনেকে সমালোচনা করছিলেন। অবশেষে সেই নীরবতা ভাঙলেন বাইডেন। কিছুদিনের জন্য ছুটি নিয়েছিলেন বাইডেন। সোমবার ছুটি কমিয়ে কাজে ফেরেন তিনি। এবং প্রথমেই আফগানিস্তান নিয়ে টেলিভিশনে নিজের মতামত জানান।

 

বাইডেনের বক্তব্য, দীর্ঘ ২০ বছর ধরে মার্কিন সেনা আফগানিস্তানে ছিল। ৯/১১-র বদলা নেওয়ার পাশাপাশি তারা আফগান সেনাকে প্রশিক্ষণ দিয়েছে। অস্ত্র, যুদ্ধের পোশাক দিয়ে সাহায্য করেছে। আফগান প্রশাসনের পাশে থেকেছে। তাদের প্রভূত সাহায্য করেছে। কিন্তু দীর্ঘদিন ধরে মার্কিন সেনার আফগানিস্তানে থাকা সম্ভব নয়। ফলে অ্যামেরিকার নিরিখে তার পরিকল্পনায় কোনো ভুল ছিল না। তিনি মনে করেন, সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সম্পূর্ণ ঠিক।

 

বর্তমান পরিস্থিতির জন্য তিনি বরং আফগান প্রশাসন এবং আফগান সেনাকে দায়ী করেছেন। বাইডেন বলেছেন, আফগান প্রশাসক এবং রাজনীতিকরা চাপের মুখে পালিয়ে গেছেন। আফগান সেনা তালেবানের সামনে কার্যত অস্ত্র প্রত্যাহার করেছে। লড়াইয়ের সাহসটুকু পর্যন্ত দেখায়নি। এর দায় অ্যামেরিকার হতে পারে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here