বঙ্গবন্ধু হত্যায় ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিচার করা হবে: কাদের

নজর২৪, ঢাকা- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিচার করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

তিনি বলেন, ‘জাতির পিতার হত্যায় মঞ্চের কুশীলবদের বিচার করে ফাঁসি কার্যকর করা হয়েছে। এর বাইরে যারা ষড়যন্ত্রকারী ছিল তদন্ত কমিশন করে তাদেরও খুঁজে বের করে বিচার করা হবে।’

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষ সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এস এম কামাল হোসেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

 

জাতীয় শোক দিবসে দিনের শুরুতেই ভোর সাড়ে ৫টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন।

 

প্রধানমন্ত্রী স্থান ত্যাগ করার পর জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেয়া হয় ৩২ নম্বরের ফটক। সকাল ৭টায় শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

 

এ সময় বঙ্গবন্ধু হত্যার ঘটনার নেপথ্যে থাকাদের খুঁজতে একটি কমিশন গঠনের প্রস্তাবও দিয়েছেন অনেকে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘একটা কমিশন হওয়া উচিত যারা নেপথ্যে থেকে শক্তি জুগিয়েছে তাদেরও বিচার হওয়া উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *