৭ দিনের মধ্যে পরীমণিকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের ডাক

নজর২৪, ঢাকা- আলোচিত চিত্রনায়িকা পরীমণির মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষুব্ধ নাগরিকজনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এতে লন্ডন থেকে একাত্মতা প্রকাশ করেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী। উপস্থিত ছিলেন জাসদ, চলচ্চিত্র, সংস্কৃতি অঙ্গনসহ সাধারণ মানুষও।

 

বিক্ষুব্ধ নাগরিকজনের আহ্বায়ক ও শ্রাবণ প্রকাশনীর স্বত্ত্বাধিকারী রবিন আহসান রণ’র সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য দেন উন্নয়নকর্মী মুশফিকা লাইজু, নির্মাতা রাশিদ পলাশ, নির্মাতা সংগীতা ঘোষ, প্রকাশক দেলোওয়ার হোসেন, লেখক ও মানবাধিকার কর্মী শাশ্বতী বিপ্লব, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা আকরামুল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ প্রমুখ।

 

সমাবেশে লেখক ও মানবাধিকার কর্মী শাশ্বতী বিপ্লব বলেন, যাকে যখন ভালো লাগবে না তাকে তখন নষ্ট মেয়ের তকমা লাগিয়ে দেবেন, এটা হতে পারে না। নষ্ট মেয়ের তাকমা লাগানো খুবই সহজ। প্রতিটি প্রতিবাদী নারীকে নষ্টা মেয়ে তকমা লাগাতে পারেন। কারা এই মেয়েদের নষ্ট করেছে? নষ্ট মেয়ে ঠিক করা তো আপনাদের কাজ না। মোল্লাদের মতো আপনারা নারীদের চরিত্র হননে ব্যস্ত হয়ে গেছেন। এই কাজের জন্য আপনাদের আমরা ধিক্কার জানাই।

 

বিক্ষুব্ধ নাগরিকজনের আহ্বায়ক ও শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবীন আহসান বলেন, গণমাধ্যম টানা দীর্ঘসময় পরীমণিকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে। পুলিশ যেভাবে পরীমণিকে উপস্থাপন করেছে, সংবাদমাধ্যম সেভাবেই কাজ করেছে। স্বাধীনতার ৫০ বছর পরে এই প্রথম এভাবে নারী নিপীড়নের সংবাদ প্রচার হয়েছে। আমরা শুধু এখানে পরিমনির জন্য দাঁড়াইনি, আমরা দাঁড়িয়েছি বাংলাদেশের পুরো নারী সমাজের জন্য।

 

বাংলাদেশের নারীদেরকে পাথর ছুঁড়ে মারার মতো একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে দাবি করে তিনি বলেন, গণমাধ্যম ও পুলিশ সেখানে একসাথে কাজ করছে।

 

সাংবাদিকদের উদ্দেশ্য করে এই প্রকাশক বলেন, আপনারা কেন প্রশ্ন করেন না, একটা বোট ক্লাব কেন পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা চালাবে? বাংলাদেশের সব জায়গায় মদের বোতল পাওয়া যায়। হাজার বোতল মদের কোনো খবর নেই, পাঁচ বোতল মদের জন্য তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, পরীমণিকে অতি দ্রুত মুক্তি না দিলে সমগ্র সাংস্কৃতিক সমাজকে নিয়ে বড় আন্দোলন গড়ে তোলা হবে। কেউ আমাদের সঙ্গে না থাকলেও ‘সামাজিক গণমাধ্যম’ আমাদের হাতে আছে।

 

এসময়য় আগামী ৭ দিনের মধ্যে পরীমণিকে মুক্তি না দেওয়া হলে ২১ আগস্ট রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন সংগঠনটির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *