নজর২৪, ঢাকা- আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনকে কেন্দ্র করে সাংবাদিক নিয়োগসহ বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করে আসছিল প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পরিচয় দেওয়া ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। একেকজনের কাছ থেকে আদায় করতেন একেক ধরনের অর্থ। কারও কাছ থেকে ২০ হাজার, কারও থেকে ৩০ হাজার, আবার কারও কাছ থেকে লাখ টাকা চাঁদা আদায় করেছেন প্রতারক হেলেনা জাহাঙ্গীর।
শুক্রবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদরদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা জানান।
তিনি বলেন, জয়যাত্রা টেলিভিশনকে ঢাল হিসেবে ব্যবহার করে আসছিলেন হেলেনা জাহাঙ্গীর। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছিলেন তিনি। এই চাঁদাবাজি কিংবা অপতৎপরতার সঙ্গে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।
খন্দকার আল মঈন বলেন, অভিযানের ধারাবাহিকতায় গত রাতে র্যাব-৪ বিটিআরসিকে নিয়ে মিরপুরে অবস্থিত হেলেনা জাহাঙ্গীরের অনুমোদনহীন জয়যাত্রা টেলিভিশন স্টেশন সিলগালা করে এবং অবৈধ মালামাল জব্দ করে। তিনি টেলিভিশনের কর্মী ও সাংবাদিক নিয়োগের নামে চাঁদাবাজি ও প্রতারণা করতেন। এ ধরনের একটি চাঁদাবাজি সংক্রান্ত ফোনালাপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযানে চাঁদাবাজি সংক্রান্ত নথিপত্রও জব্দ করা হয়েছে।
ইতোমধ্যে জয়যাত্রা টিভির একজন জেলা প্রতিনিধি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছে বলেও তিনি জানান।
