নজর২৪, ঢাকা- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল শাখা ছাত্রলীগ নেতা আক্তারুল করিম রুবেলকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। চাঁদা চেয়ে মারধরের ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর তার বিরুদ্ধে সাংগঠনিক এ পদক্ষেপ নেওয়া হলো।
বুধবার বিকেলে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আক্তারুল করিম রুবেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় আক্তারুল করিম রুবেলকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিস্কার করা হলো।
এর আগে, গত সোমবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালের এক কর্মচারীর কাছে চাঁদা চেয়ে তাকে মারধর করেন রুবেল। পরে রুবেলকে শাহবাগ থানায় নেওয়া হয়। ভুক্তভোগীর মামলা দায়েরের ভিত্তিতে মঙ্গলবার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।





